
বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে বাংলাদেশে চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে তাকে তলব করে ভারতের পক্ষ থেকে এ উদ্বেগের কথা জানানো হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি নিয়ে ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে কিছু উগ্রবাদী গোষ্ঠীর কার্যক্রমের বিষয়ে হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়, যারা ঢাকায় ভারতীয় হাইকমিশনের আশপাশে নিরাপত্তা ঝুঁকি তৈরির পরিকল্পনার ঘোষণা দিয়েছে বলে দাবি করা হয়েছে।
ভারত আরও জানায়, বাংলাদেশের সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে উগ্রবাদী মহল থেকে যে ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা বয়ান তৈরি করা হচ্ছে, তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে নয়াদিল্লি। বিবৃতিতে দুঃখ প্রকাশ করে বলা হয়, অন্তর্বর্তী সরকার এখনো এসব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করেনি এবং এ বিষয়ে ভারতকে প্রাসঙ্গিক প্রমাণও সরবরাহ করা হয়নি।
নয়াদিল্লির বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধের ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটি বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং সেখানে একটি মুক্ত, ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে আসছে।
এ ছাড়া কূটনৈতিক দায়িত্বের অংশ হিসেবে বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশন ও কূটনৈতিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত।


