ভয়ের কোনো কারণ নেই, নির্বাচন নির্ধারিত সময়েই হবে: তারেক রহমান

বাংলা রিডার ডেস্ক

ভয়ের কোনো কারণ নেই এবং নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, যারা মানুষকে ভয় দেখিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চায়, তারা অবশ্যই ব্যর্থ হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

তারেক রহমান বলেন, ১৯৭১, ২০২৪, ১৯৭৫ সালের ৭ নভেম্বর এবং ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন—প্রতিটি সংগ্রামই প্রমাণ করেছে, জনগণ ঐক্যবদ্ধ থাকলে তাদের বিজয় কেউ ঠেকাতে পারে না। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে গ্রাম-গঞ্জ, শহর-বন্দর, ওয়ার্ড-মহল্লা ও রাজপথে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তিনি নেতা-কর্মীদের সঙ্গে থাকবেন। এ সময় সভায় উপস্থিত নেতা-কর্মীরা করতালির মাধ্যমে তার বক্তব্যকে স্বাগত জানান।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান বলেন, এই নির্বাচন কোনো পরীক্ষামূলক আয়োজন নয়; এটি অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ ও জটিল। কারণ এ নির্বাচনের সঙ্গে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা, দেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব জড়িত।

তিনি বলেন, আগামী দশক হবে বাংলাদেশের রূপান্তরের দশক। নারী, তরুণ, কৃষক ও শ্রমজীবী জনগোষ্ঠীর শক্তিকে কাজে লাগিয়ে একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই বিএনপির লক্ষ্য। এর মাধ্যমেই ভবিষ্যতের প্রতিটি বিজয় দিবসকে আরও অর্থবহ করে তোলা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

বিজয়ের বার্তা শুধু স্লোগানে সীমাবদ্ধ না রেখে এর সুফল জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সে লক্ষ্যেই আসন্ন নির্বাচনে বিএনপি ও ধানের শীষের পক্ষে জনগণের সমর্থন প্রত্যাশা করা হচ্ছে। তিনি মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ প্রবন্ধের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, এটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দলিল। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ গোষ্ঠী দলীয় স্বার্থে স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে।

নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র এখনো চলছে দাবি করে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী চক্র নানা অজুহাতে নির্বাচন বানচালের চেষ্টা করছে। তবে জনগণের ঐক্য ও সতর্কতার মধ্য দিয়ে এসব ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে।

ওসমান হাদির ওপর হামলার প্রসঙ্গে তারেক রহমান বলেন, এটি গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্রেরই অংশ। তিনি প্রশ্ন তুলে বলেন, নির্বাচন ব্যাহত হলে বা জনগণের ভোটে সরকার প্রতিষ্ঠিত না হলে কারা লাভবান হবে—এসব প্রশ্নের উত্তরেই হামলাকারীদের পরিচয় স্পষ্ট হয়ে উঠবে।

আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা, অঙ্গসংগঠনের নেতাসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

Recommended For You