মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ আজ দুপুরে, জানবেন যেভাবে

বাংলা রিডার ডেস্ক
সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল আজ রোববার (১৪ ডিসেম্বর) প্রকাশ করা হবে। দুপুরের দিকে ফল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন জানান, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd থেকে ফল জানতে পারবেন।

ফল দেখতে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে ‘MBBS Result 2025-2026’ লিংকে ক্লিক করে ভর্তি পরীক্ষার রোল নম্বর দিতে হবে। এরপর ‘Result’ বাটনে ক্লিক করলেই ফলাফল দেখা যাবে। শিক্ষার্থীরা চাইলে ফলাফল ডাউনলোড বা স্ক্রিনশট সংরক্ষণ করতে পারবেন। পাশাপাশি মেধাতালিকা পিডিএফ আকারে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, উত্তরপত্র মূল্যায়ন, ফলাফল চূড়ান্তকরণ ও পুনর্নিরীক্ষণ পুরোপুরি ডিজিটাল প্রক্রিয়ায় সম্পন্ন করা হচ্ছে। ওএমআর বা আইসিআর মেশিনের মাধ্যমে উত্তরপত্র যাচাই করা হয়েছে। জাতীয় মেধাক্রম ও প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী সাধারণ ও সংরক্ষিত আসনে ভর্তি নিশ্চিত করা হবে।

সংরক্ষিত আসনগুলোতে সংশ্লিষ্ট শ্রেণির প্রার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীর মেধাক্রম ও কলেজ পছন্দ অনুসারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে কলেজ নির্ধারণ করা হবে।

এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৯৮ শতাংশের বেশি পরীক্ষার্থী অংশ নেন।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ৫ হাজার ৬৪৫টি—এর মধ্যে এমবিবিএস ৫ হাজার ১০০টি এবং বিডিএস ৫৪৫টি। বেসরকারি মেডিকেল কলেজে মোট আসন ৭ হাজার ৪০৬টি, যার মধ্যে এমবিবিএস ৬ হাজার ১টি এবং বিডিএস ১ হাজার ৪০৫টি।

সব মিলিয়ে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে মোট আসন ১৩ হাজার ৫১টি। এর বিপরীতে ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন এক লাখ ২২ হাজার ৬৩২ জন শিক্ষার্থী। সে হিসাবে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করেছেন গড়ে প্রায় ৯ দশমিক ৪ জন ভর্তিচ্ছু। আবেদনকারীদের মধ্যে ছাত্র ৪৯ হাজার ২৮ জন এবং ছাত্রী ৭৩ হাজার ৬০৪ জন।

বিজ্ঞাপন

Recommended For You