
বাংলা রিডার ডেস্ক
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, গুলিটি তার মাথার ডান দিক দিয়ে ঢুকে বাম কানের পাশ দিয়ে বের হলেও এর কয়েকটি অংশ এখনো মস্তিষ্কে রয়ে গেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢামেক থেকে হাদীকে বহনকারী অ্যাম্বুলেন্স এভারকেয়ারের উদ্দেশে রওনা হয় এবং রাত ৮টা ৫ মিনিটে সেখানে পৌঁছে।
এর আগে ঢামেক কর্তৃপক্ষ হাদীর সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য জানায়।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোস্তাক আহমেদ বলেন, শরিফ ওসমান হাদীর মাথার ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম কানের পাশ দিয়ে বের হয়েছে। গুলির কিছু অংশ এখনও তার মস্তিষ্কে রয়ে গেছে।
তিনি আরও জানান, হাদীর নিউরো বিভাগের অভিজ্ঞ সিনিয়র চিকিৎসকরা তার অস্ত্রোপচার করেছেন। সিটিস্ক্যানের রিপোর্টে দেখা যায়, দুই-একটি ছোট ধাতব বল বা প্রিলেট মস্তিষ্কে রয়েছে। অস্ত্রোপচারের সময় এগুলোর একটি অপসারণ করা হয়েছে, তবে আরও কিছু অংশ থেকে গেছে। গুলিবিদ্ধ হওয়ায় তার মস্তিষ্কে চাপ বেড়ে রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণ বন্ধ করা এবং মস্তিষ্কের চাপ কমাতে অস্ত্রোপচার করা হয়েছে। পরবর্তীতে তাকে এভারকেয়ারে স্থানান্তর করা হয়।



