মেডিকেল ভর্তিযুদ্ধ: ১২২৬৩২ পরীক্ষার্থী, আসনপ্রতি লড়ছেন ৯ জন

বাংলা রিডার ডেস্ক
২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা ছিল, এরপর প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি ও অভিভাবকদের উদ্বিগ্ন অপেক্ষা লক্ষ্য করা যায়।

আসনসংখ্যা ও প্রতিযোগিতা

চলতি শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে মোট আসন ৫,৬৪৫টি—এর মধ্যে এমবিবিএস ৫,১০০ এবং বিডিএস ৫৪৫
বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে আসন ৭,৪০৬টি—এমবিবিএস ৬,০০১, বিডিএস ১,৪০৫

অর্থাৎ মোট আসন ১৩,০৫১টি, যেখানে—

  • এমবিবিএস: ১১,১০১

  • বিডিএস: ১,৯৫০

এই আসনের বিপরীতে আবেদন করেছেন ১,২২,৬৩২ জন শিক্ষার্থী। ফলে আসনপ্রতি লড়ছেন প্রায় ৯ জন (৯.৪০) পরীক্ষার্থী। আবেদনকারীদের মধ্যে ছাত্র ৪৯,০২৮ এবং ছাত্রী ৭৩,৬০৪

পরীক্ষার কাঠামো ও নম্বর বণ্টন

এবারের পরীক্ষা সময় আগের চেয়ে ১৫ মিনিট বাড়িয়ে ১ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। নতুন সংযুক্ত ‘মানবিক গুণাবলি’ মূল্যায়নের জন্যই এই অতিরিক্ত সময়।

১০০ নম্বরের এমসিকিউ প্রশ্নে বিষয়ভিত্তিক নম্বর বণ্টন—

  • জীববিজ্ঞান: ৩০

  • রসায়ন: ২৫

  • পদার্থবিজ্ঞান: ১৫

  • ইংরেজি: ১৫

  • সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি: ১৫

পাস নম্বর ৪০
প্রতিটি ভুল উত্তরে ০.২৫ নম্বর কাটা হবে

এসএসসি ও এইচএসসির জিপিএ থেকে মোট ১০০ নম্বর যোগ হবে। লিখিত পরীক্ষার নম্বরসহ সর্বমোট নম্বরের ভিত্তিতেই মেধাতালিকা তৈরি হবে।

ফরম পূরণের সময়সীমা

ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছিল ১১ নভেম্বর সকাল ১০টা থেকে। আবেদন গ্রহণ চলেছে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিজ্ঞাপন

Recommended For You