
বাংলা রিডার ডেস্ক
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন।
বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন বলে দায়িত্বশীল সরকারি সূত্র নিশ্চিত করেছে।
জুলাই অভ্যুত্থানের পর ছাত্র নেতৃত্বের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা হন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, আর আসিফ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তখন উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টাসহ মোট ২৩ জন সদস্য ছিলেন। এর মধ্য থেকে এর আগেই ছাত্র প্রতিনিধি মো. নাহিদ ইসলাম পদত্যাগ করেছিলেন; এবার আরও দুজন ছাত্র প্রতিনিধি পরিষদ ছাড়লেন।
মাহফুজ আলম গত বছরের ২৮ আগস্ট প্রথমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পান। পরে ১০ নভেম্বর শপথ নিয়ে উপদেষ্টা হন ও নাহিদ ইসলামের পদত্যাগের পর তথ্য উপদেষ্টার দায়িত্ব পান।
অন্যদিকে, আসিফ মাহমুদ প্রথমে শ্রম ও যুব–ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের মৃত্যুর পর তাকে গত বছরের নভেম্বরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে স্থানীয় সরকার ও যুব–ক্রীড়া—উভয় মন্ত্রণালয়ের দায়িত্বই পালন করছিলেন তিনি।


