
বাংলা রিডার ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা আপাতত স্থগিত হয়েছে। কাতারের ব্যবস্থাপনায় আসার কথা থাকা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার সকাল ৮টায় ঢাকায় অবতরণের অনুমতি পেলেও পরে সেই অনুমতি প্রত্যাহারের আবেদন করা হয়েছে। ফলে মঙ্গলবার আর এয়ার অ্যাম্বুলেন্স আসছে না এবং খালেদা জিয়াকেও আপাতত লন্ডন নেওয়া হচ্ছে না।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারীর মাধ্যমে পূর্বের স্লট বাতিলের আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছে। আবেদনটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এর আগে রোববার দাখিল করা আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সটিকে মঙ্গলবার সকাল ৮টায় অবতরণ এবং রাত ৯টার দিকে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল। কাতার সরকারের সহযোগিতায় ভাড়া নেওয়া বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেলের এ বিমানটি দীর্ঘ দূরত্বের মেডিকেল ইভাকুয়েশনে ব্যবহৃত হয়ে থাকে।
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও কিডনি জটিলতাসহ বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছিল।
২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অবস্থা দ্রুত খারাপ হলে ২৭ নভেম্বর তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তিনি ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় চিকিৎসাধীন।



