আর্জেন্টিনা আসছে ভারত সফরে, প্রীতি ম্যাচ খেলবেন মেসি

বাংলা রিডার ডেস্ক

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত হয়েছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ভারত সফরের সূচি। কাতার বিশ্বকাপজয়ী দলটি আগামী নভেম্বর মাসে ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোতে ভারত সফরে আসছে। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি. আব্দুরাহিমান নিশ্চিত করেছেন, সফরে কেরালার একটি মাঠে একটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে আব্দুরাহিমান লিখেছেন, “মেসি আসছেন। কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলসহ লিওনেল মেসি কেরালায় প্রীতি ম্যাচ খেলতে আসবেন, এ বিষয়ে অফিসিয়াল কনফার্মেশন মেইল পেয়েছি।”

২০১১ সালের সেপ্টেম্বরে প্রথমবার ভারতের মাটিতে পা রেখেছিলেন লিওনেল মেসি। সে সময় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে একমাত্র গোল করে জয় পেয়েছিল আলবিসেলেস্তারা।

আর্জেন্টিনা দল ভারত সফরে এলেও মেসির থাকা নিয়ে কিছুটা সন্দেহ ছিল সমর্থকদের মাঝে। তবে সেই দুশ্চিন্তা দূর করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি আগেই জানিয়েছেন, শুধু দলই নয়, মেসির থাকার সম্ভাবনাও প্রবল।

তিনি বলেন, “কেরালা এমন এক জায়গা যেখানে ফুটবল খেলার প্রতি ভালোবাসা ও আবেগ সীমারেখা ছাড়িয়ে যায়। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের আগমন সেই ভালোবাসারই প্রতিফলন। ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকেও এই সফরে দেখা যাবে বলে আমরা আশা করছি।”

প্রসঙ্গত, ২০১১ সালে ভারতের সফর শেষে বাংলাদেশেও এসেছিলেন মেসি। ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে এক প্রীতি ম্যাচে ৩-১ গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা।

উল্লেখযোগ্য, ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ঐতিহাসিক জয় মেসির ক্যারিয়ারকে পূর্ণতা দেয়। ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে বিশ্বকাপ জয়ের মাধ্যমে তিনি হয়ে ওঠেন ফুটবল ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ।

আগামী সফর তাই শুধু একটি ম্যাচ নয়, বরং উপমহাদেশের কোটি ভক্তের জন্য এক স্বপ্ন পুরণের মুহূর্ত।

বিজ্ঞাপন

Recommended For You