
বাংলা রিডার ডেস্ক
গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশনের উপস্থাপনার মাধ্যমে এই শুনানি শুরু হয়।
১৩ আসামির মধ্যে ডিজিএফআইয়ের সাবেক তিন পরিচালক—মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী—সেনা হেফাজতে আছেন এবং আজ তাঁদের আদালতে হাজির করা হয়। মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক।
অন্যদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ চলছে কুষ্টিয়ায় গণঅভ্যুত্থানের সময় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণ। সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে এদিন ছিল সাক্ষ্যগ্রহণের তৃতীয় দিন। এর আগে সাক্ষ্য দেন আহত জুলাই যোদ্ধা মো. রইসুল এবং ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা।
এ ছাড়া, জুলাই হত্যাকাণ্ডের মামলায় হাসানুল হক ইনু ও সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।


