
বাংলা রিডার ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে। কাতার সরকারের ব্যবস্থাপনায় পাঠানো এই এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর একই দিন সন্ধ্যায় বা রাতে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে উড়াল দিতে পারে বিমানটি।
ঢাকায় নিযুক্ত কাতার দূতাবাসের জনসংযোগ কর্মকর্তা আসাদুর রহমান আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, কাতার সরকারের উদ্যোগে জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হচ্ছে, যা শনিবার বিকেলে ঢাকায় নামবে।
কূটনৈতিক সূত্র জানায়, জার্মান প্রাইভেট এয়ার অ্যাম্বুলেন্স প্রতিষ্ঠান ‘এফএআই রেন্ট এ জেট জিএমবিএইচ’-এর সিএল৬০ (বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ সিরিজ) জেট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে নিয়ে জর্জিয়ার রাজধানী তিবলিসি হয়ে লন্ডনের উদ্দেশে যাবে। শনিবার বিকেল বা রাতেই এ যাত্রা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, কাতার রাজপরিবারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আগে পাঠানো হচ্ছিল, তাতে কারিগরি জটিলতা দেখা দেওয়ায় কাতারের আমির প্রতিশ্রুতি অনুযায়ী বিকল্প আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন। এটি শনিবার বিকেল ৫টায় ঢাকায় পৌঁছাবে। তিনি আরও দাবি করেন, নতুন এয়ার অ্যাম্বুলেন্সটিও কাতারের, তবে এটি জার্মান নির্মিত; কাতার জার্মানি থেকে আলাদাভাবে অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে না।
এদিকে শুক্রবার (৫ ডিসেম্বর) ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও পূর্বনির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি নির্ধারিত সময়ে না আসায় যাত্রা স্থগিত হয়। আজ সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসতে পারেনি; সব ঠিক থাকলে এটি শনিবার ঢাকায় পৌঁছাবে। তিনি আরও জানান, চিকিৎসকরা সম্মতি দিলে ও শারীরিক অবস্থা ভ্রমণের উপযোগী হলে খালেদা জিয়া ৭ তারিখ (রোববার) লন্ডনে যেতে পারেন।
গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট বাড়লে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রাখেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়।



