
বাংলা রিডার ডেস্ক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগারে থাকার সময় থেকেই তার অসুস্থতার শুরু, এবং যথাযথ চিকিৎসার অভাবে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।”
শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনের মসজিদে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “দল-মত নির্বিশেষে দেশের সব মানুষ এই মহান নেত্রীর সুস্থতার জন্য দোয়া করছেন। তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং দেশের এই সংকটময় মুহূর্তে তার নেতৃত্বে জাতি এগিয়ে যেতে পারে—এ আশা সবাই করছে।”
খালেদা জিয়ার লন্ডন নেওয়ার পরিকল্পনা প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, চিকিৎসকরা তাকে সুস্থ করে তুলতে সর্বোচ্চ চেষ্টা করছেন। তিনি বলেন, “আগামীকাল কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স আসলে রোববার তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি রয়েছে। তবে তিনি ফ্লাই করতে পারবেন কি না, তা চূড়ান্তভাবে চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন। তিনি এখনো গুরুতর অসুস্থ, তাই যাত্রা তার শারীরিক অবস্থার ওপরই নির্ভর করবে।”
দলীয় চেয়ারপারসনের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করে তিনি বলেন, “যিনি সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সেই নেত্রী যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন—আসুন সবাই তার জন্য দোয়া করি।”
সূত্র: বাসস



