খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

বাংলা রিডার ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১১টা ৫৩ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। সেখানে পৌঁছে তিনি জরুরি বিভাগ সংলগ্ন লিফট দিয়ে খালেদা জিয়ার কেবিনে যান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকায় অবতরণ করেন জুবাইদা রহমান।

উল্লেখ্য, চিকিৎসার জন্য শুক্রবার খালেদা জিয়ার লন্ডনে যাওয়ার কথা থাকলেও কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় তা ঢাকায় পৌঁছায়নি। ফলে তার বিদেশ যাত্রা পিছিয়ে রোববারে গিয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতার নতুন একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে, যা শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। এছাড়া বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছু অবনতি হয়েছে বলেও জানান তিনি। সব মিলিয়ে তাকে রোববার লন্ডনে নেওয়ার সম্ভাবনাই বেশি।

বিজ্ঞাপন

Recommended For You