
বাংলা রিডার ডেস্ক
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে মঙ্গলবার (২ ডিসেম্বর) জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা হাসপাতালে যান।
হাসপাতাল থেকে বের হয়ে কনকচাঁপা জানান, খালেদা জিয়া নাকের মাধ্যমে খাবার গ্রহণ করছেন এবং ওষুধের প্রভাব ইতিবাচক। তিনি বলেন, “কালকের তুলনায় আজ তাকে অনেকটাই ভালো লাগছিল। উনার সঙ্গে সারাক্ষণ থাকা সহকারী ফাতেমার সঙ্গেও আমার কথা হয়েছে।”
তিনি আরও বলেন, “উনি নলের মাধ্যমে খাবার ও ওষুধ নিচ্ছেন। দু-একবার চোখ মেলে তাকিয়েছেনও। আমরা সবাই তার সুস্থতার জন্য দোয়া করছি—আল্লাহ যেন দ্রুত আরোগ্য দান করেন এবং তাকে স্বস্তি দেন।”
সোশ্যাল মিডিয়ায় কনকচাঁপা লিখেছেন, “আমরা জানি আমাদের গণতন্ত্রের মা, অবিসংবাদিত নেতা বেগম খালেদা জিয়া অসুস্থ। তাই সেখানে ভিড় না করাই উচিত। তবুও শেষ পর্যন্ত আমি তাকে দেখতে গিয়েছি।”
আইসিইউতে থাকা খালেদা জিয়ার পাশে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস, উপদেষ্টা আমানউল্লাহ আমান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, সাবেক ছাত্রনেতা ও সাবেক সাংসদ নাজিমউদ্দীন আলম, ডা. জুবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান বিন্দু, ব্যারিস্টার মেহনাজ মান্নান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।
কনকচাঁপা জানান, তিনি উপস্থিত সবার সঙ্গে কথা বলে চেয়ারপারসনের সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।



