কর্মবিরতি স্থগিত, বার্ষিক পরীক্ষায় ফিরছেন মাধ্যমিকের শিক্ষকরা

বাংলা রিডার ডেস্ক

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সাময়িকভাবে তাদের কর্মবিরতি স্থগিত করেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের স্বার্থ ও একাডেমিক কার্যক্রম স্বাভাবিক রাখতে তারা বার্ষিক পরীক্ষায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে বুধবার (৩ ডিসেম্বর) থেকে দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা বার্ষিক পরীক্ষার কাজে অংশ নেবেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার অনিশ্চয়তায় শিক্ষার্থী ও অভিভাবকরা যে মানসিক চাপে ছিলেন, তা বিবেচনায় নিয়ে দায়িত্ববোধ থেকেই তারা শিক্ষাকার্যক্রমে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বার্ষিক পরীক্ষা শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। একই সঙ্গে শিক্ষকদের ন্যায্য দাবি-দাওয়া দ্রুত সমাধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়, যাতে ভবিষ্যতে শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়। কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়া শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

জানা গেছে, চার দফা দাবিতে সোমবার (১ ডিসেম্বর) থেকে প্রায় সাত শতাধিক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছিলেন। এতে সোমবার ও মঙ্গলবার দেশের বিভিন্ন বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

মাধ্যমিক শিক্ষকদের চার দফা দাবি

১. সহকারী শিক্ষক পদকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক‍্যাডারে অন্তর্ভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট প্রকাশ।
২. বিদ্যালয় ও পরিদর্শন শাখার শূন্য পদে দ্রুত নিয়োগ, পদোন্নতি ও পদায়ন কার্যকর করা।
৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড অনুমোদন করা।
৪. ২০১৫ সালের আগের নিয়ম অনুযায়ী সহকারী শিক্ষকদের দুই–তিনটি ইনক্রিমেন্টসহ অগ্রিম বাড়তি বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।

বিজ্ঞাপন

Recommended For You