চাঁদপুরে ‘মতলব সেতু’র জয়েন্টে ফাটল, আতঙ্কে হাজারো মানুষ

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার সংযোগস্থলে মেঘনা–ধনাগোদা নদীর ওপর নির্মিত ‘মতলব সেতু’র মাঝামাঝি জয়েন্টে বড় ধরনের ফাটল দেখা গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। ২১ নভেম্বরের ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর থেকেই সেতুটি ঝুঁকিতে পড়েছে বলে তাদের ধারণা।

এ ছাড়া সেতুর দু’পাশের সংযোগ সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মাটি সরে বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও উঠে গেছে কংক্রিট, বেরিয়ে পড়েছে রড। এসব কারণে প্রতিদিন কয়েক হাজার ছোট-বড় যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করায় আতঙ্কে আছে চালক ও যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়—সেতুর মাঝের জয়েন্টে স্পষ্ট ফাটল রয়েছে এবং ভারী যানবাহন চলাচলের সময় সেতু দুলে ওঠে। সংযোগ সড়কের ভাঙনও ঝুঁকি বাড়িয়েছে। দ্রুত সংস্কার না হলে বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

চাঁদপুর ছাড়াও নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, বরিশাল, শরীয়তপুর, ফরিদপুর ও কুমিল্লার বহু মানুষ ঢাকায় যাতায়াতে এই সেতুর ওপর নির্ভরশীল। সেতুটি ব্যবহারের অযোগ্য হলে বিকল্প সড়ক না থাকায় বড় ধরনের জনদুর্ভোগ তৈরি হবে।

২০১৫–১৬ অর্থবছরে ৮৪ কোটি টাকা ব্যয়ে সেতুর প্রকল্প অনুমোদন পায় সড়ক ও জনপথ বিভাগ। পরে ব্যয় বেড়ে দাঁড়ায় ৯২ কোটি টাকা। ১০.২৫ মিটার প্রস্থের সাত স্প্যান বিশিষ্ট সেতুটি এবং ১.৮৬ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক নির্মাণ শেষ হয় ২০১৮ সালের জুনে এবং পরে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।


স্থানীয় মজিবুর রহমান দাবি করেন, ভূমিকম্পের পরই ফাটল সৃষ্টি হয়েছে। নাজমুল হোসেন বলেন, জরুরি সেবা ও যাত্রীদের ঝুঁকি নিয়েই সেতু পার হতে হচ্ছে।
পথচারী কামরুল হাসান জানান, সেতুর উত্তর পাশের সড়কের অবস্থা নাজুক হওয়ায় যাতায়াত আরও কঠিন হয়ে পড়েছে।
গাড়িচালক আশরাফ আলীর মতে, স্বল্প সময়েই সেতু ক্ষতিগ্রস্ত হওয়া উদ্বেগজনক।
শিক্ষক জয়নাল আবেদিন বলেন, প্রতিদিন ঝুঁকি নিয়ে সেতু পার হতে বাধ্য হচ্ছেন তারা।
স্থানীয় জনপ্রতিনিধি গোলাম নবী খোকন ও ‘নিরাপদ সড়ক চাই’ এর সাধারণ সম্পাদক বদিউল আলম বাবু দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন জানান, সেতুর বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত জানানো হবে।
তবে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আলিউল হোসেন বলেন, সেতুর জয়েন্টে ফাটল বা সংযোগ সড়ক ভাঙনের বিষয়ে কোনো তথ্য তাদের কাছে নেই।

বিজ্ঞাপন

Recommended For You