
বাংলা রিডার ডেস্ক
সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে নামছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার পিলখানায় বিজিবি’র ৫ ব্যাটালিয়নের মাঠে নির্বাচনকেন্দ্রিক মক এক্সারসাইজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সিইসি বলেন, “আজ এখানে খুব সুন্দর একটি মহড়া দেখলাম। আমাদের দেশের নির্বাচনী সংস্কৃতি বিবেচনায় রেখে সম্ভাব্য সব পরিস্থিতি মাথায় রেখে বিজিবি এই অনুশীলন আয়োজন করেছে—যা দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট।”
তিনি আরও জানান, নির্বাচনী দায়িত্ব নিয়মিত না হওয়ায় বাহিনীগুলোর বিশেষ প্রশিক্ষণ প্রয়োজন হয়। বিজিবির প্রধান দায়িত্ব সীমান্তে হলেও নির্বাচনকে সামনে রেখে তারা বিশেষ প্রস্তুতি নিচ্ছে। পুলিশ ১৩০টি কেন্দ্রে নির্বাচনভিত্তিক প্রশিক্ষণ দিচ্ছে, আনসার-ভিডিপির মহড়া কমিশন পর্যবেক্ষণ করেছে। এসব প্রস্তুতি নির্বাচনকালে দায়িত্ব পালনে বড় ভূমিকা রাখবে।
সিইসি বলেন, “প্রতিটি আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বশীলতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছে। আশা করি, এসব প্রশিক্ষণ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে। সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনী ও ১৩ কোটি ভোটার সবাই মিলেই আমরা একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।”
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “এখনও পরিস্থিতি পুরোপুরি নিখুঁত নয়। তবে ৫ আগস্ট ২০২৪-এর তুলনায় অনেক উন্নতি হয়েছে। এখন মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে। ভোটের তারিখ কাছাকাছি এলে পরিস্থিতি আরও ভালো হবে।” তিনি জানান, ৩০ নভেম্বর বাহিনীগুলোর সঙ্গে বৈঠকে চূড়ান্ত মোতায়েন কৌশল নির্ধারিত হবে।
একটি রাজনৈতিক দল নির্বাচন প্রতিহতের ঘোষণা দেওয়ায় সিইসি বলেন, “যারা নির্বাচনে বাধা দেওয়ার হুমকি দিচ্ছে—তাদের বিষয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করতে সবাইকে সহযোগিতা করতে হবে।”
ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো চিহ্নিত করে রেড, ইয়েলো এবং গ্রিন—এই তিন জোনে ভাগ করে বাহিনী মোতায়েন করা হবে বলেও জানান তিনি।
এদিকে বিজিবি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে তাদের ১,২১০ প্লাটুন দায়িত্ব পালন করবে। সন্দীপ, হাতিয়া ও কুতুবদিয়া ছাড়া সব উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে। সীমান্তবর্তী ১১৫টির মধ্যে ৬০টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে।
মক এক্সারসাইজে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও নির্বাচন কমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


