শেখ হাসিনার দুই লকারে মিলল ৮৩২.৫ ভরি সোনা

বাংলা রিডার ডেস্ক

অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি লকার থেকে ৮৩২ দশমিক ৫ ভরি সোনা পাওয়া গেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) আদালতের অনুমতি নিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ দল লকার দুটি খুলে এসব স্বর্ণালংকার জব্দ করে।

সিআইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা ও উপস্থিত ম্যাজিস্ট্রেট নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদও তার ভেরিফায়েড ফেসবুক পেজে খবরটি শেয়ার করেছেন। আদালতের অনুমতি নিয়ে এই প্রথমবারের মতো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক লকার খোলা হলো।

সূত্র জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী সিআইসি ও দুদকের সমন্বিত দল লকার দুটি খুলে সোনা উদ্ধার করে। লকার দুটি আগেই সিআইসির গোয়েন্দা ইউনিট জব্দ করেছিল।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা ও তার পরিবারের কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করে। এর অংশ হিসেবে শেখ হাসিনার নামে থাকা বিভিন্ন ব্যাংকের লকার সিআইসি জব্দ করে।

চলতি বছরের ১০ সেপ্টেম্বর সিআইসি রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় অভিযান চালিয়ে শেখ হাসিনার ১২৮ নম্বর লকার জব্দ করে। এ সময় তার নামে থাকা দুটি ব্যাংক হিসাবও জব্দ করা হয়—একটিতে পাওয়া যায় ১২ লাখ টাকার এফডিআর এবং অন্যটিতে ৪৪ লাখ টাকা। এসব হিসাব থেকে টাকা উত্তোলন তখন নিষিদ্ধ করা হয়েছিল।

পরে ১৭ সেপ্টেম্বর রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় (সাবেক স্থানীয় কার্যালয় শাখা) শেখ হাসিনার আরও দুটি লকার—নম্বর ৭৫১ ও ৭৫৩—চিহ্নিত করে সিআইসি।

বিজ্ঞাপন

Recommended For You