
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, দীর্ঘ ১৭ বছর ভোটকেন্দ্রের কাছে যেতে না পারা মানুষের এবার নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ আসছে। তিনি বলেন, ধানের শীষে ভোট দিলে দেশনেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার পথ সুগম হবে। ক্ষমতায় এলে ফেমিলি কার্ডের মাধ্যমে কম দামে নিত্যপণ্য সরবরাহসহ স্থানীয় উন্নয়ন অগ্রাধিকার পাবে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে চরভৈরবী ইউনিয়নের গাউছুল আজম ছবরিয়া আদর্শ দাখিল মাদরাসা প্রাঙ্গণে মহিলা সমাবেশে তিনি এসব কথা বলেন।
মহিলা সমাবেশে মানিক বলেন, “আমরা দীর্ঘদিন লড়াই করেছি। আপনাদের ছেলেরা ১৭ বছর স্বাভাবিকভাবে বাড়িতে থাকতে পারেনি। কখনো মাঠে, কখনো বাগানে লুকিয়ে থাকতে হয়েছে। পুলিশের ভয় ও শাসক দলের অত্যাচারের কারণে তারা ঘরছাড়া ছিল।”
তিনি আরও বলেন, “প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া কখনো দেশ ছাড়েননি। তিনি সবসময় দেশের মানুষের পাশে আছেন এবং থাকবেন।”
আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে মানিক বলেন, “গত ১৭ বছরে ভোটকেন্দ্রে কেউ যেতে পারেননি। এবার নিজের ভোট নিজে দেবেন। ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার পথ তৈরি হবে।”
তিনি জানান, জনগণের জীবনমান উন্নয়নে তারেক রহমান বেশ কিছু পরিকল্পনা করেছেন—এর মধ্যে সবচেয়ে আলোচিত ‘ফেমিলি কার্ড’। যার মাধ্যমে প্রতিটি পরিবার কম দামে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্য কিনতে পারবে। পাশাপাশি বিশুদ্ধ পানি, রাস্তাঘাট, ঘাটলা নির্মাণসহ মৌলিক সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন চরভৈরবী ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী তাহমিনা আক্তার এবং সঞ্চালনা করেন চাঁদপুর মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি নাছিমা আক্তার। বক্তব্য দেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী, জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কোহিনূর বেগমসহ অন্যরা।
এ ছাড়া দিনব্যাপী গণসংযোগে অংশ নেন বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত চরভৈরবী ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন। তিনি গাজীনগর থেকে গণসংযোগ শুরু করে সরদার বাড়ি, বেপারী বাড়ি, গাজী বাড়ি, উত্তর চরভৈরবী, উত্তর পাড়া, বগলা—পুরো ইউনিয়নে ঘুরে মানুষের সমস্যার কথা শোনেন।
মানিক বলেন, “এই এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্ট আমি জানি। নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করবো।”
গণসংযোগে আরও উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশীদ, জেলা যুবদল সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ শতাধিক নেতাকর্মী।
দিনব্যাপী গণসংযোগকে কেন্দ্র করে চরভৈরবীতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ স্থানীয়রা ধানের শীষের পক্ষে স্লোগান দেন। স্থানীয় বাসিন্দাদের ভাষায়,“মানিক সাহেব ঘরে ঘরে এসে কথা শুনছেন—এটাই আমাদের বড় পাওয়া।”



