
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মোঃ নাজমুল ইসলাম সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিনই চারটি গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এসব সভা ছিল—তেল মনিটরিং কমিটি, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য পরিস্থিতি বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটি এবং জেলা পণ্য বিপণন কমিটির সভা।
সভায় সভাপতির বক্তব্যে নবাগত ডিসি বলেন,“আমি গাজীপুরের সন্তান। চাঁদপুরে এসেছি আপনাদের সহযোগিতা নিয়ে ঐতিহ্যবাহী এই জেলা ‘চাঁদনগরে’ রূপান্তর করতে। ফজরের নামাজ শেষে দুই ঘণ্টা পুরো শহর ঘুরেছি, ১৫০টির বেশি ছবি তুলেছি। পৌরসভার কাজ চোখে পড়লেও জনগণের চলাচলের পথগুলো সঙ্কীর্ণ। সদর হাসপাতালে গিয়ে দেখি রোগীর বেডের পাশে রক্তের ব্যাগ পড়ে আছে। শিশু একাডেমির ভবনেও ঘাসে ঢাকা পরিবেশ চোখে পড়ে।”
তিনি আরও বলেন,
“প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গেট দেখে মনে হয়েছে যেন শুধু প্রধান কর্মকর্তার প্রবেশের জন্যই তৈরি। আমার কাজের সময় আপনারা ভুল-ত্রুটি ধরিয়ে দেবেন—এটা আমি স্বাগত জানাই। জেলা প্রশাসকের কার্যালয়ের কম্পাউন্ডে ভাসমান দোকান বা হকার থাকতে পারবে না। প্রয়োজন হলে তাদের জন্য বাজারে আলাদা দোকানের ব্যবস্থা করা হবে।”
রাষ্ট্রের উন্নয়ন ও পরিবর্তনের প্রতি নিজের অঙ্গীকার জানিয়ে তিনি বলেন,
“আমাদের মহান দায়িত্ব নির্বাচন সামনে। রাষ্ট্রের অব্যবস্থাপনা দূর করতে আমরা কাজ করে যাব।”
ডিসি নাজমুল ইসলাম বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের উদ্দেশে বলেন,
“ভোক্তা অধিকার, চেম্বার অব কমার্স, ক্যাব, হোটেল–রেস্তোরাঁ মালিক সমিতি—সবাই যদি সরকারি দপ্তরগুলোকে সহযোগিতা করেন, তবে সুন্দর চাঁদপুরকে আরও সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। আপনারা অনেকেই একাধিক সংগঠনের নেতৃত্ব দেন, তাই আপনাদের সঙ্গে আমাকে সবচেয়ে বেশি কাজ করতে হবে।”
ব্যক্তিগত পরিচয় তুলে ধরে তিনি বলেন,
“আমার বাড়ি গাজীপুর, শ্বশুরবাড়ি পাবনা। এ দুই জেলা ছাড়া সব জেলায় কাজ করতে প্রস্তুত আমি। বাবা নেই, মা আছেন। আপনাদের মধ্যে অনেকে আমার বাবার বয়সী। ১৪ বছরে ১৭টি ইউনিটে কাজ করেছি; প্রধান উপদেষ্টার কার্যালয়েও ছয় মাসের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে। চাঁদপুরে চারটি ব্রিফকেস নিয়ে এসেছি, এই চারটিই নিয়ে ফিরতে চাই। স্ত্রীকে বলেছি—এই এক বছর যেন মনে করে আমি বিদেশে আছি। যে দিন যাব, ফজরের নামাজ পড়ে বিদায় নেব।”
সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এরশাদ উদ্দিন। বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন এনডিসি আনিসুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন—অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল কবির, প্রাণিসম্পদ কর্মকর্তা জ্যোতির্ময়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, কৃষি বিপণন কর্মকর্তা মোঃ মাসুদ রানা, নিরাপদ খাদ্য কর্মকর্তা আরিফ হোসেন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর এস এম নজরুল ইসলাম, বিএসটিআই কুমিল্লার পরিদর্শক শাকিল হোসেন, চাঁদপুর চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।



