
বাংলা রিডার ডেস্ক
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ফারমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. মহীউদ্দীন খান আলমগীর এবং তার স্ত্রী সিতারা আলমগীরের নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
এদিন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ আদালতে আবেদন দাখিল করেন। আবেদনে বলা হয়, আসামিরা তাদের ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং এসব হিসাব ব্যবহার করে অবৈধভাবে অর্জিত অর্থ পাচারের সম্ভাবনাও রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ১৮ অনুযায়ী হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।
মামলার নথি অনুযায়ী, আসামিরা ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থের উৎস, আয়, প্রকৃতি, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করার চেষ্টা করেছেন। ২০০৯ থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ব্যক্তিগত ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে খোলা ৭৯টি ব্যাংক হিসাবে দেশি-বিদেশি মুদ্রা স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং সংঘটিত হয়েছে।
অভিযোগে বলা হয়, পদ্মা ব্যাংক (সাবেক ফারমার্স ব্যাংক), যমুনা ব্যাংক, আইএফআইসি ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে মোট ২১৬ কোটি ১ লাখ ৬৩ হাজার টাকা ও ৬,১৮৮.৫৯ মার্কিন ডলার জমা হয়, যার মধ্যে তুলে নেওয়া হয়েছে ২০৯ কোটি ১৭ লাখ ৬৩ হাজার টাকা এবং ৬,০০০.০২ মার্কিন ডলার। যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ বলে উল্লেখ করা হয়েছে।


