
বাংলা রিডার ডেস্ক
আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে মাঠ পর্যায়ের নিরাপত্তা জোরদারে স্পর্শকাতর কেন্দ্রগুলোতে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বডি ক্যামেরা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ। তবে শুরুতে প্রস্তাবিত ৪০ হাজার বডি ক্যামেরার সংখ্যা কমিয়ে আনা হবে বলেও তিনি জানান।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থ উপদেষ্টা।
বডি ক্যামেরার ক্রয় অগ্রগতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “বডি ক্যামেরা নিয়ে ব্যাপক পর্যালোচনা চলছে। কতগুলো ক্যামেরা প্রয়োজন এবং কীভাবে স্বচ্ছভাবে ক্রয় করা যাবে—সেটি নিশ্চিত করাই এখন মূল বিষয়।”
তিনি আরও বলেন, “সবার জন্য বডি ক্যামেরা দেওয়া সম্ভব নয়। এগুলো মনিটর করা, ফুটেজ বিশ্লেষণ করা—সবই বড় দায়িত্ব। তাই স্পর্শকাতর এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের আলোচনার ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।”
৪০ হাজার ক্যামেরার পরিকল্পনা কমিয়ে আনা হবে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, “হ্যাঁ, সংখ্যাটা রেশনালাইজ করা হচ্ছে। কত কমবে এখনই বলা যাচ্ছে না। প্রস্তাব এলে জানা যাবে।”
কবে নাগাদ ক্রয় প্রক্রিয়া এগোবে, জানতে চাইলে তিনি বলেন, “খুব দ্রুতই, সম্ভবত আগামী সপ্তাহেই তারা প্রস্তাব নিয়ে আসবে।”


