চাঁদপুরের ২৩তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন নাজমুল ইসলাম সরকার

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন নাজমুল ইসলাম সরকার। সোমবার (১৭ নভেম্বর) রাতে তিনি ঢাকা থেকে চাঁদপুর সার্কিট হাউজে পৌঁছান। তিনি ২৯তম বিসিএসের কর্মকর্তা।

সার্কিট হাউজে পৌঁছালে তাঁকে স্বাগত জানান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার।

পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকসহ অন্যান্য অতিরিক্ত জেলা প্রশাসকরা ফুল দিয়ে নতুন ডিসিকে বরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তারাও পৃথকভাবে ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।

এরপর নবাগত জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

একই প্রজ্ঞাপনের দিনে পূর্ববর্তী জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন (যুগ্ম সচিব)–কে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হয়। ১৬ নভেম্বর বিকেলে শেষ কর্মদিবস শেষে তিনি ঢাকার উদ্দেশে চাঁদপুর ত্যাগ করেন।

নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সচিবের একান্ত সচিব, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ট্যুরিজম ফোকাল পার্সন এবং রাজশাহীর গোদাগাড়ী ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, নাজমুল ইসলাম সরকার ২৯তম বিসিএসে মেধা তালিকায় ৪৫তম স্থান অর্জন করেন। তিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তাঁর বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়।

বিজ্ঞাপন

Recommended For You