ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে সেলসম্যান নিহত

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রুহুল আমিন (৩৫) নামে এক সেলসম্যান নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের সমিতির পোলের গোড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালি এলাকার মিজি বাড়ির হোসেন মিজির বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিটি কোম্পানির অধীনস্থ বেঙ্গল গ্রুপে সেলসম্যান হিসেবে কাজ করতেন এবং উপজেলার বিভিন্ন বাজারে পণ্য সরবরাহ করতেন।

ঘটনার পর খবর পেয়ে চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান ও হাজীগঞ্জ–ফরিদগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুকুর চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শী রাড়ি বাড়ি জামে মসজিদের ইমাম মো. কাউসার জানান, রাত সাড়ে ১০টার দিকে তিনি দোকানের সামনে বসেছিলেন। হঠাৎ গৃদকালিন্দিয়া সড়ক দিক থেকে এক ব্যক্তি দৌড়ে এসে ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার শুরু করেন এবং রাড়ি বাড়ির ভেতরে ঢুকে পড়েন। তার পিছু পিছু একটি জিক্সার মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ঘটনাস্থলে প্রবেশ করে এবং কিছুক্ষণ পর দ্রুত চলে যায়।

তিনি আরও বলেন, এ সময় ব্রিজের পাশে মাছ ধরছিলেন সোহেল নামে এক যুবক। সন্ত্রাসীরা পালানোর সময় তিনি বাধা দিলে একজন ডাকাতকে টেঁটা দিয়ে আঘাত করেন। তখন তারা সোহেলকে লক্ষ্য করে গুলি চালায়। ওই সময় কাছাকাছি অবস্থান করা রুহুল আমিন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পুরো ঘটনাটি আধা মিনিটের মধ্যেই ঘটে যায়।

গুলির শব্দে স্থানীয়রা ছুটে এসে ভিড় জমায়। খবর পেয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান।

ওসি শাহ আলম বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এটি ডাকাতির ঘটনা নাকি পূর্ব শত্রুতার জেরে খুন, তা তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।”

হত্যার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, তাদের এলাকায় এই প্রথম প্রকাশ্যে গুলি করে হত্যার মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। তারা দ্রুত অপরাধীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন

Recommended For You