
বাংলা রিডার ডেস্ক
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আগামী ১৩ নভেম্বরকে কেন্দ্র করে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) গুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্যাট্রোলিং কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে। এছাড়া, যত্রতত্র খোলা তেল বিক্রি নিষিদ্ধসহ বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ১৩ নভেম্বর ঘিরে আমাদের কার্যক্রম চলছে। সন্দেহভাজন কাউকে দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি সম্পন্ন হলে একটি মহড়া আয়োজনের পরিকল্পনাও রয়েছে।”


