ইসরাইলের গাজা দখলের চেষ্টা ব্যর্থ হবে: হামাসের হুঁশিয়ারি

বাংলা রিডার ডেস্ক

গাজার দখল নেয়ার ইসরাইলি পরিকল্পনাকে “ব্যর্থ উদ্যোগ” হিসেবে অভিহিত করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। তারা বলেছে, গাজা শহর দখলের জন্য ইসরাইলের নতুন সামরিক অভিযান অতীতের মতোই ব্যর্থ হবে এবং এতে শুধু নিরীহ ফিলিস্তিনিরাই আরও ক্ষতিগ্রস্ত হবেন।

বুধবার (২০ আগস্ট) এক বিবৃতিতে হামাস জানায়, “গাজা দখল সহজ নয়। এটি ইসরাইলের জন্য একটি ব্যয়বহুল ভুল প্রমাণিত হবে।”

এর আগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ ‘অপারেশন গিডিয়ন’স চ্যারিয়টস ২’ নামের একটি সামরিক অভিযান অনুমোদন করেন, যার লক্ষ্য গাজা শহর দখল করা। পরিকল্পনা অনুযায়ী, দক্ষিণে প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে জোর করে সরিয়ে দিয়ে গাজার রাজধানী এলাকা অবরুদ্ধ করে দখল করা হবে।

হামাস বলছে, এই পরিকল্পনা চলমান যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তিতে কাজ করা মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার সম্পূর্ণ অবমাননা।

বিবৃতিতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চুক্তি লঙ্ঘনকারী হিসেবে আখ্যা দিয়ে হামাস দাবি করে, তিনি বন্দিদের জীবনের প্রতি উদাসীন। হামাস আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানায়, ইসরাইলকে গাজায় চলমান ‘গণহত্যা’ বন্ধে চাপ দিতে হবে।

উল্লেখ্য, ৮ আগস্ট ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন দেয়। এরপর ২০ আগস্ট প্রতিরক্ষামন্ত্রী কাটজ ওই পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেন এবং ২১ আগস্ট থেকে সামরিক অভিযান শুরু হয়।

ইসরাইলের লক্ষ্য পুরো গাজা উপত্যকা নিয়ন্ত্রণে নেওয়া হলেও, হামাস বলছে— গাজায় ইসরাইলের আগ্রাসন যত বাড়বে, প্রতিরোধও তত তীব্র হবে।

তথ্যসূত্র: NDTV

বিজ্ঞাপন

Recommended For You