
বাংলা রিডার ডেস্ক
গণভোট বিষয়ক প্রস্তাব নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে মতামত জানাতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার। নির্ধারিত সময়ের মধ্যে মতামত না এলে সরকার নিজ উদ্যোগে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
আসিফ নজরুল বলেন, “জুলাই সনদ ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা সত্ত্বেও এখনো কয়েকটি বিষয়ে মতভেদ রয়ে গেছে। এ নিয়ে উপদেষ্টা পরিষদে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।”
তিনি আশা প্রকাশ করেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো জুলাই সনদ নিয়ে নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে ঐক্যমত্যে পৌঁছাতে পারবে।
আইন উপদেষ্টা আরও জানান, বৈঠকে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি পুনরায় নিশ্চিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


