চাঁদপুর জিলানী চিশতী কলেজে মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আক্তার শাম্মীকে সংবর্ধনা

বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত বাবাহীন সংগ্রামী মেধাবী শিক্ষার্থী সুমাইয়া আক্তার শাম্মীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

২ নভেম্বর (রবিবার) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের আজীবন দাতা সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে সোহেল রুশদী বলেন,  “শাম্মীর এই সাফল্য অন্যরকম— কারণ সে প্রতিকূলতা আর অভাবের মধ্যে থেকেও টিউশনি করে নিজের পড়াশোনা চালিয়ে গেছে। আমরা তার সাহস ও অধ্যবসায়কে সালাম জানাই। শাম্মীর মতো শিক্ষার্থীরাই সমাজে প্রেরণার উৎস।”

তিনি আরও জানান, জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইতোমধ্যে শাম্মীর উচ্চশিক্ষায় সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এ জন্য কলেজের পক্ষ থেকে চাঁদপুর জেলা প্রশাসনকে কৃতজ্ঞতা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তৃতা দেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ (অব.) মো. গোলাম সারওয়ার কচি, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহসীন উদ্দিন, হামানকর্দ্দী পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, সাংবাদিক মুসাদ্দেক আল আকিবসহ কলেজের বিভিন্ন প্রভাষক ও স্থানীয় শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের শুরুতে শাম্মীকে ফুলেল শুভেচ্ছা, সংবর্ধনা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। উপস্থিত শিক্ষক ও অতিথিবৃন্দ তার ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।

সভাপতির সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মো. কামরুল হাসান বলেন,  “শাম্মীর এই অর্জন শুধু তার নয়, আমাদের পুরো প্রতিষ্ঠানের গর্ব। তার মতো শিক্ষার্থীরা আমাদের অনুপ্রেরণা।”

উল্লেখ্য, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিলানী চিশতী কলেজ থেকে ৫১.৮৫% শিক্ষার্থী পাস করেছে, যার মধ্যে একজন শিক্ষার্থী—সুমাইয়া আক্তার শাম্মী—অর্জন করেছে সর্বোচ্চ জিপিএ-৫।

বিজ্ঞাপন

Recommended For You