
বাংলা রিডার ডেস্ক
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে তিনজন করে অস্ত্রসহ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনে আনসার সদস্যদের অবদান সবচেয়ে বেশি থাকবে। প্রতিটি ভোটকেন্দ্রে মোট ১৩ জন আনসার সদস্য নিয়োজিত থাকবে—এর মধ্যে ৩ জন অস্ত্রসহ এবং ১০ জন অস্ত্রবিহীন। অস্ত্রবিহীনদের মধ্যে ৬ জন পুরুষ ও ৪ জন নারী থাকবেন। এছাড়া এবারই প্রথমবারের মতো প্রিজাইডিং অফিসারের সঙ্গে একজন অস্ত্রধারী আনসার সদস্য মোতায়েন করা হবে।”
তিনি আরও জানান, নির্বাচনে মোট ৯ দিন আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেন, “বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী দেশের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জাতীয় উন্নয়নের প্রতিটি পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা সবসময় দায়িত্ববোধ, নিষ্ঠা ও দেশপ্রেম নিয়ে কাজ করে।”
তিনি জানান, বাহিনীর কল্যাণে আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব অর্থায়নে ৩১টি যানবাহন কেনা হয়েছে। এর মধ্যে রয়েছে—৯টি ট্রুপস ক্যারিয়ার, ১৪টি কাভার্ড ভ্যান, ৪২ আসনবিশিষ্ট ৪টি বড় বাস, ২৪ আসনের ২টি মিনি বাস এবং ২টি অ্যাম্বুলেন্স।
সদস্যদের যাতায়াত সুবিধা বাড়াতে নতুন ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, “এটি সর্বোচ্চ পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে পরিচালিত হবে এবং বাহিনীর বৈধ পরিচয়পত্রধারী সকল সদস্য নিরাপদ পরিবহন সুবিধা পাবেন।”
অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, “প্রতিদিনই অস্ত্র উদ্ধার হচ্ছে, এটি একটি চলমান প্রক্রিয়া। নির্বাচন যত ঘনিয়ে আসবে, অস্ত্র উদ্ধারের কার্যক্রম তত বাড়বে। একসময় দেখা যাবে, বাইরে আর কোনো অবৈধ অস্ত্র বা অস্ত্রসদৃশ বস্তু থাকবে না।”


