
বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই তথ্য জানিয়ে ২০ আগস্ট কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে জানানো হয়, জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে প্রণীত “জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫” ইতোমধ্যে কমিশনের অনুমোদন পেয়েছে এবং তা ২৬ জুন বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয়েছে।
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮ (১) ও (২) অনুযায়ী, জাতীয় নির্বাচনের ভোটকেন্দ্র তালিকা চূড়ান্ত করার ২৫ দিন আগে তা গেজেটে প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশ, দাবি/আপত্তি গ্রহণ এবং নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকা তৈরি করা হবে।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী: ১০ সেপ্টেম্বর: খসড়া ভোটকেন্দ্র তালিকা প্রকাশ, ২৫ সেপ্টেম্বর: দাবি ও আপত্তি জমাদানের শেষ দিন, ১২ অক্টোবর: দাবি/আপত্তি নিষ্পত্তির শেষ দিন, ২০ অক্টোবর: চূড়ান্ত ভোটকেন্দ্র তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ
কমিশন সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সময়সূচি অনুযায়ী কার্যক্রম সম্পন্ন করে ভোটকেন্দ্রের সংখ্যাগত তথ্যসহ (সফট কপিসহ) তা নির্বাচন সহায়তা-১ শাখায় প্রেরণের নির্দেশ দিয়েছে।
এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।



