
বাংলা রিডার ডেস্ক
চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে করা নতুন হত্যা মামলার আসামিদের দেশত্যাগ ঠেকাতে পদক্ষেপ নিয়েছে পুলিশ। রমনা থানা সূত্রে জানা গেছে, আসামিদের তথ্য ইতিমধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, “মামলার আসামিদের মধ্যে যারা দেশে আছেন, তারা যেন দেশত্যাগ করতে না পারেন, সে বিষয়ে ইমিগ্রেশনে তথ্য পাঠানো হয়েছে।”
সালমান শাহ হত্যা মামলা
গত ২১ অক্টোবর রাতে সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে রমনা থানায় হত্যা মামলা করেন। মামলায় সালমান শাহর স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুছি, অভিনেতা ডনসহ ১১ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি করা হয়।
পটভূমি
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। তখন তার বাবা কমর উদ্দিন চৌধুরী অপমৃত্যুর মামলা দায়ের করেন। পরে সিআইডি ও পিবিআইয়ের তদন্তে ঘটনাটিকে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়।
২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআই ৬০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে জানায়, সালমান শাহ আত্মহত্যা করেছেন এবং এর পেছনে পাঁচটি কারণ উল্লেখ করে। কিন্তু সালমান শাহর মা নীলা চৌধুরী প্রতিবেদনটির বিরুদ্ধে আপত্তি জানান, দাবি করেন তার ছেলেকে হত্যা করা হয়েছে।
গত ২০ অক্টোবর আদালত নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে নতুন করে হত্যা মামলা করার নির্দেশ দেন। পরদিন মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় মামলা দায়ের করেন।
বর্তমানে পুলিশ আসামিদের অবস্থান ও চলাচল নজরদারিতে রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


