তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি শুরু

বাংলা রিডার ডেস্ক

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়।

আবেদনকারীদের পক্ষে শুনানি করছেন সিনিয়র আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে উপস্থিত থাকবেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল সংক্রান্ত রায় পুনর্বিবেচনার (রিভিউ) অনুমতি দেয় আদালত। এই অনুমতির ভিত্তিতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট নাগরিক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার পৃথকভাবে আপিল করেন।

উল্লেখ্য, ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। ১৯৯৮ সালে এ সংশোধনীকে চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট ২০০৪ সালে রায় দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বৈধ ঘোষণা করে।

এই রায়ের বিরুদ্ধে ২০০৫ সালে আপিল করলে, ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের ৭ বিচারপতির বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। এরপর ২০১১ সালের ৩০ জুন সংসদে পাস হয় পঞ্চদশ সংশোধনী, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়।

বর্তমানে রায় পুনর্বিবেচনার জন্য আপিল বিভাগে শুনানি চলছে। আদালতের চূড়ান্ত রায়ই নির্ধারণ করবে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরবে কি না।

বিজ্ঞাপন

Recommended For You