মতলবে ইজিবাইক চালক হত্যায় দুইজনের  যাবজ্জীবন 

বাংলা রিডার ডেস্ক 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ ইসলামাবাদ গ্রামে ইজিবাইক চালক ইব্রাহীম পাটোয়ারী (৪৮) হত্যার ঘটনায় মো. আরিফ হোসেন (৩৫) ও মো. সবুজ (২৫) কে যাবজ্জীবন কারাদণ্ড, এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার এ রায় প্রদান করেন। একই ঘটনায়, আদালত অপর একটি ধারায় আসামীদের ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ৪ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেন।

হত্যার শিকার ইব্রাহীম পাটোয়ারী দক্ষিণ ইসলামাবাদ গ্রামের আবুল কাশেম পাটোয়ারীর ছেলে। কারাদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন, আরিফ হোসেন—উপজেলার দক্ষিণ ইসলামাবাদ গ্রামে মো. নুরুল ইসলামের ছেলে এবং মো. সবুজ—ইন্দুরিয়া ইসলামাবাদ গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

মামলার তদন্তে জানা যায়, হত্যার শিকার ইব্রাহীম ও তার স্ত্রী নিলুফা বেগমের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল, যার কারণে তিনি তার নিকটাত্মীয়দের বাড়িতে গিয়ে থাকতেন। ওই সময়ে ইব্রাহীম দুটি ইজিবাইক ১ লাখ ৭০ হাজার টাকায় বিক্রি করেন। ২০২০ সালের ৯ মার্চ রাতে, তিনি স্ত্রীর সাথে দেখা করার জন্য আত্মীয় বাড়িতে যান। ওই সময়, আসামীরা ইব্রাহীমকে ফোন করে ডেকে নিয়ে টাকা ছিনিয়ে নেন এবং তাকে পরিকল্পিতভাবে হত্যা করে স্থানীয় আব্দুল কাদিরের মাছচাষের পুকুরে ফেলে দেন।

১৩ মার্চ, স্থানীয়রা পুকুরে ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ইব্রাহীমের স্ত্রী নিলুফা বেগম মৃতদেহটি শনাক্ত করেন। এর পর, ১৩ মার্চ নিলুফা বেগম হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে, ২০২০ সালের ৩১ আগস্ট আদালতে চার্জশীট দাখিল করা হয়।

পিপি অ্যাডভোকেট কুহিনুর বেগম জানান, পাঁচ বছরের বেশি সময় ধরে চলা এই মামলায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্যপ্রমাণ এবং আসামীরা নিজেদের অপরাধ স্বীকার করার পর, বিচারক তাদের উপস্থিতিতে রায় দেন।

আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম, মাসুম হোসেন ভুঁইয়া এবং সেলিম মিয়া।

বিজ্ঞাপন

Recommended For You