অন্যায়ের প্রতিবাদ আজ সাহস নয়, বোকামি

আজকের পৃথিবীতে দাঁড়িয়ে এক অদ্ভুত অসামঞ্জস্য দৃশ্য চোখে পড়ে। একদিকে সভ্যতার চূড়ান্ত বিকাশ, প্রযুক্তির বিস্ময়, বাহ্যিক উন্নতির ঝলকানি। অন্যদিকে নৈতিকতার অবক্ষয়, প্রজ্ঞার নিঃশেষ আর মানবিকতার মৃত্যু।সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে অর্থ আর ক্ষমতার উন্মত্ত দৌড়। ন্যায়, নীতি, আদর্শ; যে শব্দগুলো একদিন মানুষের হৃদয়ের মর্মস্থলে ছিল, আজ সেগুলো যেন পুরোনো অভিধানের বিবর্ণ পৃষ্ঠা মাত্র।

ক্ষমতা ও অর্থের এই নির্মম মোহ সমাজকে এক অদৃশ্য শিকলে বেঁধে ফেলেছে। সেই শিকল এতটাই দৃঢ় যে, মানুষের বিবেক আজ নিঃশব্দ বন্দী। অন্যায়ের প্রতিবাদ আজ সাহস নয়, বরং বোকামির প্রতীক। সত্যের পাশে দাঁড়ানো আজ আত্মঘাতী এক সিদ্ধান্ত। যে কলম একদিন অন্যায়ের বিরুদ্ধে ঝড় তুলত, আজ সেই কলম ভয়ে কাঁপে, বা বিক্রিত হয়ে ক্ষমতার টেবিলে নতজানু হয়ে পড়ে থাকে।

অন্যদিকে, অন্ধকারের ভেতরেও কিছু একাকী আত্মা জেগে থাকে। তারা হাতে রাখে ন্যায়ের পতাকা, বুকের মধ্যে প্রজ্বলিত থাকে প্রজ্ঞার শিখা। সমাজের নীরবতা ভেদ করে তারা উচ্চারণ করে সত্যের বাণী। যদিও জানে, সেই সত্যের মাশুল দিতে হয় নিঃসঙ্গতা, ত্যাগ আর যন্ত্রণার মধ্য দিয়ে। অন্ধকারাচ্ছন্ন আকাশে যখন বজ্র চমকে ওঠে, সেই পথিক তখনও এগিয়ে চলে একাকী, তবুও পথ চলায় থাকে অদম্য সাহসী।

অর্থ ও ক্ষমতার মোহ যেন এক অক্টোপাস। তার লোভী বাহু দিয়ে চেপে ধরে মানুষের বিবেক, সমাজের নীতি, রাষ্ট্রের চরিত্র। কিন্তু ইতিহাস আমাদের শেখায়, এই দমবন্ধ সময়েও কিছু মানুষ জেগে ওঠে। তাদের হাতে পুনর্জন্ম লাভ করে ন্যায়ের আলোকবর্তিকা। সক্রেটিসের বিষপান, গ্যালিলিওর কারাবাস, ম্যান্ডেলার দীর্ঘ বন্দিত্ব; এই ত্যাগের প্রতিটি অধ্যায়ই প্রমাণ করে, সত্যকে চিরদিন বন্দী রাখা যায় না। কাজী নজরুলের সেই “কারার ঐ লৌহ কপাট” বিদ্রোহী কবিতার মত।

তবুও প্রশ্ন থেকে যায়; কে ভাঙবে এই অসুস্থ শিকল? কে জাগাবে নিস্তব্ধ বিবেক? যখন চারদিকে ভয়, লোভ, প্রলোভনের ঘূর্ণি, তখন কে বলবে, “না, আমি নত হবো না”? সেই মানুষই প্রকৃত আলোকবর্তিকা, যে নিজের ক্ষুদ্র জীবন দিয়ে মানবতার বৃহৎ পথ আলোকিত করে তোলে।
আর যখন সমাজের এই দোদুল্যমান অবস্থায় হৃদয় কেঁপে ওঠে, তখন মানুষ মুখ তুলে তাকায় আকাশের দিকে, আর বলে “হে প্রভু, তোমার পথেই রেখো আমায় দণ্ডায়মান। তুমি ছাড়া আর কারো আশ্রয় চাই না;
তুমিই যথেষ্ট আমার জন্য, আমার কলমের জন্য,
আমার বিবেকের জন্য।”

এই প্রার্থনাই নতুন সমাজের বীজ বপন করে। যেখানে ক্ষমতার অহঙ্কার নয়, প্রজ্ঞার আলো পথ দেখাবে; যেখানে অর্থ নয়, ন্যায় হবে জীবনের মাপকাঠি; যেখানে সত্য আর সাহস মিলেমিশে গড়ে তুলবে আলোকিত মানবসভ্যতা।

অবশেষে, অন্ধকার যতই গভীর হোক না কেন, প্রজ্ঞার এক ফোঁটা আলোই যথেষ্ট সমগ্র আকাশ আলোকিত করতে। কারণ ন্যায় কখনো মরে না, শুধু অপেক্ষা করে এক সাহসী আত্মার; যে তার শিখাকে আবার জ্বালিয়ে তুলবে।

মুসাদ্দেক আল আকিব
লেখক ও গণমাধ্যমকর্মী

বিজ্ঞাপন

Recommended For You