
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুরে সড়ক বিভাগের উদ্যোগে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক ও পেন্নাই সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। তিন দিনের এ অভিযানের প্রথম দিনেই প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের লালমাই পর্যন্ত অংশ এবং পেন্নাই সড়কের বিভিন্ন স্থানে সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা, চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইউনুস আলীসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রায় ১৪ বছর পূর্বে বাবুরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশের মোবারক মার্কেটের সামনে রাতের আঁধারে সড়কের জায়গা দখল করে জ্বীন মার্কেট নামে একটি অবৈধভাবে মার্কেট তৈরি করা হয়। এই অবৈধ মার্কেটটির কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হতো।
দীর্ঘ বছর পর অবৈধ দখলে থাকা মার্কেটটি উচ্ছেদ করায় স্থানীয়রা সড়ক বিভাগকে ধন্যবাদ জানান। এছাড়া পেন্নাই সড়কের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়।
পেন্নাই সড়কের পাশের এক ব্যবসায়ী জানান, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে উচ্ছেদ করা হবে এই মর্মে মাইকিং করা হয়েছে। কিন্তু পেন্নাই সড়কে কোন নোটিশ বা মাইকিং ছাড়াই উচ্ছেদ করা হয়েছে। আমরা ম্যাজিস্ট্রেট মহোদয়ের কাছে কয়েকবার বলেছি। আমাদেরকে দোকানের মালামাল সরানোর কোন সময় দেওয়া হয়নি। আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে।
চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইউনুস আলী বলেন, তিন দিনের অভিযানের প্রথম দিনে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদের পরবর্তীতে কিছু অংশ রাস্তা প্রশস্ত করনের জন্য ব্যবহার করা হলে বাকি অংশে গাছের চারা রোপন করে সৌন্দর্য বর্ধন করা হবে। এছাড়া মহাসড়কের পাশে যত অবৈধ স্থাপনা রয়েছে তা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে। উচ্ছেদের পরবর্তীতে পুনরায় দখলের যেন সুযোগ না থাকে সেজন্য নিয়মিত তদারকি করা হবে।



