
বাংলা রিডার ডেস্ক
জামিনপ্রাপ্ত আসামিদের আর ভোগান্তির ১২ ধাপ পেরোতে হবে না—এখন থেকে আদালতের রায়ের পর এক ক্লিকেই জামিননামা পৌঁছে যাবে সংশ্লিষ্ট কারাগারে।
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামীকাল ১৫ অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) চালু হচ্ছে অনলাইন জামিননামা প্রক্রিয়া। ফলে জামিনপ্রাপ্ত আসামিকে মুক্তি পেতে আর ভোগান্তির মুখে পড়তে হবে না।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
“জামিন পাওয়ার পর একজন মানুষকে ১২টি ধাপ পেরিয়ে আসতে হয়, যেগুলোর কিছুতে ঘুষ বা খরচ দিতে হয়। আমরা এসব হয়রানি বন্ধ করতে যাচ্ছি। এখন থেকে জামিননামা সরাসরি অনলাইনে সংশ্লিষ্ট কারাগারে পাঠানো হবে,” বলেন ড. আসিফ নজরুল।
তিনি আরও জানান, এই ডিজিটাল উদ্যোগ সম্পূর্ণভাবে সরকারি অর্থায়নে বাস্তবায়ন হয়েছে, কোনো বাইরের সহায়তা ছাড়াই।
“আমরা নিজেরা করেছি। সরকারের প্রচুর অর্থ আছে। প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৬০০ কোটি টাকা এবং রেজিস্ট্রি অফিসে ১৫০০ কোটি টাকা আছে, যা অনেকেই জানেন না।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়েই বাস্তবায়ন হবে।”
তিনি আরও জানান, শিগগিরই বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুম প্রতিরোধ আইন, দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন এবং মানবাধিকার আইন সম্পন্ন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।


