
বাংলা রিডার ডেস্ক
রাজধানীর পুরান ঢাকায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন চাঁদপুরের তরুণ ক্রিকেটার আশরাফুল ইসলাম আশিক (২০)। দুর্ঘটনায় আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরও একজন যুবক।
রবিবার (১৩ অক্টোবর) সকালে পুরান ঢাকার বাবুবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আশিক তার খালাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহত আশিক ছিলেন চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমির একজন নিয়মিত খেলোয়াড় এবং ওপেনিং ব্যাটসম্যান। তিনি ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাবা মোখলেছুর রহমান গাজী একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা।
আশিকের মরদেহ সোমবার সকালে চাঁদপুর শহরের ষোলঘর এলাকায় নেওয়া হয়।
ক্লেমন ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা ও বিসিবি প্রশিক্ষক শামীম ফারুকী জানান, জেলা ও বিভাগীয় পর্যায়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে আশিক দক্ষতার সঙ্গে পারফর্ম করেছেন। তিনি বলেন, “আশিক ছিল অত্যন্ত প্রতিভাবান। আমরা মনে করতাম, সে একদিন শামীম পাটোয়ারীর মতো বড় মাপের ক্রিকেটার হবে। তার এই অকাল মৃত্যু আমাদের জন্য বিরাট ক্ষতি।”



