চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক

বাংলা রিডার ডেস্ক

চাঁদপুরের হাইমচরে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে অবৈধ কারেন্ট জাল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকাসহ ১১ জন জেলেকে আটক করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর ২০২৫) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’ অনুযায়ী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে কোস্ট গার্ড দেশজুড়ে টহল জোরদার করেছে।

এর অংশ হিসেবে গত রোববার (১২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় কোস্ট গার্ড আউটপোস্ট নয়াআনি ও মৎস্য অধিদপ্তরের একটি যৌথ দল হাইমচর থানার লামছড়ি, কাটাখালী লঞ্চঘাট, বারো তহবিলসহ আশপাশের এলাকায় অভিযান চালায়।

অভিযানে প্রায় ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল (মূল্য আনুমানিক ৭০ হাজার টাকা), একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও ১১ জন জেলেকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৮ বছরের নিচে তিনজন কিশোর থাকায়, তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে।

জব্দকৃত জাল ধ্বংস করা হয়েছে এবং আটক ৮ জন জেলে ও নৌকাটি হাইমচর থানায় হস্তান্তর করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, দেশের মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

Recommended For You