
বাংলা রিডার ডেস্ক
‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা শহরের সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টা ২০ মিনিটে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। পরে অন্য কলেজের শিক্ষার্থীরাও দলে দলে যোগ দেন।
আন্দোলনকারীরা ‘অধ্যাদেশ নিয়ে টালবাহানা চলবে না’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না’সহ বিভিন্ন স্লোগানে এলাকা মুখর করে তোলেন।
অবস্থান কর্মসূচির কারণে শিক্ষা ভবন থেকে সচিবালয়গামী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের সচিবালয়ের দিকে অগ্রসর হওয়া ঠেকাতে পুলিশ ব্যারিকেড বসিয়েছে।
শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জিসান বলেন, “সরকার সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দিলেও এখনো অধ্যাদেশ জারি হয়নি। আমরা চাই আজই আইন চূড়ান্ত করে অধ্যাদেশ দেওয়া হোক, না হলে আরও কঠোর কর্মসূচি আসবে।”
প্রসঙ্গত, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে একটি নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’।
এই সাত কলেজ হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ,শহীদ সোহরাওয়ার্দী কলেজ,কবি নজরুল সরকারি কলেজ,মিরপুর বাংলা কলেজ,সরকারি তিতুমীর কলেজ
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে পৃথক বিশ্ববিদ্যালয়ের অধীনে যাওয়ার দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।



