চাঁদপুরে সেনাবাহিনীর ১৫৬টি অভিযান: গ্রেনেড, অস্ত্র ও মাদক উদ্ধার

বাংলা রিডার ডেস্ক

চাঁদপুরে গত সেপ্টেম্বর (২০২৫) মাসজুড়ে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ১৫৬টি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এই তথ্য জানান চাঁদপুরে নিয়োজিত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আশিক।

তিনি জানান, অভিযানে একটি গ্রেনেড, ২৬টি দেশীয় অস্ত্র, প্রায় সাত কেজি গাঁজা এবং পাঁচ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করেছে বলেও সভায় জানানো হয়। ক্যাপ্টেন আশিক বলেন, “দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্ব নিয়ে কাজ করেছে। জনগণের নিরাপত্তাই আমাদের প্রধান অঙ্গীকার।”

সভায় জেলা প্রশাসন, পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, চাঁদপুরে সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সন্তোষজনক, যা সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার ফল।

বিজ্ঞাপন

Recommended For You