
বাংলা রিডার ডেস্ক
পর্যটন ও আতিথেয়তা খাতের অভিজ্ঞ পেশাজীবী মোহাম্মদ জহিরুল ইসলাম—যিনি ডাল্টন জহির নামে পরিচিত—এই প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এসকেএএল ইন্টারন্যাশনাল মাদ্রিদ-এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। সংগঠনটির ৯০ বছরের ইতিহাসে এবং মাদ্রিদ চ্যাপ্টারের ৭০ বছরের পথচলায় তিনিই প্রথম বাংলাদেশি সদস্য। তার গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়।
সম্প্রতি স্পেনের মাদ্রিদের পুয়ের্তা দে আমেরিকা হোটেলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ডাল্টন জহিরকে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের রাষ্ট্রদূত তাকাহিরো নাকামে এবং অর্থনৈতিক, পরিবহন ও পর্যটন উপদেষ্টা মাই সাসাকি।
১৯৩৪ সালে প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক সংগঠনটি পর্যটন, আতিথেয়তা, বিমান চলাচল, ভ্রমণসহ সংশ্লিষ্ট খাতের পেশাদারদের মধ্যে বন্ধন, সহযোগিতা ও নেটওয়ার্ক গড়ে তুলতে কাজ করে।
মাদ্রিদ চ্যাপ্টারের সভাপতি র্যামন অ্যাডিলন বলেন,
“ডাল্টন জহিরকে আমাদের সঙ্গে পেয়ে আমরা গর্বিত। তিনি কেবল বাংলাদেশের প্রতিনিধি নন, বরং আন্তর্জাতিক পর্যটন খাতে তাঁর অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি আমাদের সংগঠনকে সমৃদ্ধ করবে।”
ডাল্টন জহিরকে সম্প্রতি আন্তর্জাতিক ইকোট্যুরিজম সোসাইটি (TIES)–এর ইউরোপীয় অঞ্চলের প্রধান ও পর্তুগালের প্রেসিডেন্ট হিসেবে ২০২৫-২০২৮ মেয়াদের জন্য মনোনীত করা হয়েছে। এই ঘোষণা দেন TIES Philippines Inc.-এর প্রতিষ্ঠাতা ও সিইও মিসেস ভিলমা ডি. সি. মেন্ডোজা। তিনি বলেন, “বিশ্বব্যাপী ইকোট্যুরিজম উন্নয়নে ডাল্টনের কৌশলগত নেতৃত্ব আগামী তিন বছরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
ডাল্টন জহির পর্যটন, আতিথেয়তা, মিডিয়া, জনসংযোগ ও আন্তর্জাতিক ব্যবসায় দুই দশকের বেশি সময় ধরে কাজ করছেন। বর্তমানে তিনি: এফবিসিসিআই-এর বেসামরিক বিমান চলাচল ও পর্যটন বিষয়ক স্থায়ী কমিটির সহ-সভাপতি, ট্যুরিজম ডেভেলপারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (TDAB)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ইতিমধ্যে ৩৫টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন, এবং বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে আইটিবি বার্লিন, ডব্লিউটিএম লন্ডন, ইন্ডিয়া ট্রাভেল মার্টসহ অসংখ্য আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।
ডাল্টন জহিরের এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের পর্যটন খাতের আন্তর্জাতিক স্বীকৃতির এক উজ্জ্বল উদাহরণ। তাঁর এই অগ্রযাত্রা ভবিষ্যতে দেশের পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।



