১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান

বাংলা রিডার ডেস্ক:
‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠান এখন ১৫ অক্টোবরের পরিবর্তে ১৭ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে সাপ্তাহিক ছুটির দিনকে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

শনিবার (১১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, “জুলাই জাতীয় সনদ স্বাক্ষর একটি ঐতিহাসিক মুহূর্ত। যাতে জনগণ সরাসরি অংশ নিতে পারেন, সেজন্যই ১৭ অক্টোবর শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।”

অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি, পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বিজ্ঞাপন

Recommended For You