শীতের আগমনী বার্তা নিয়ে পঞ্চগড়ে ঘন কুয়াশা

বাংলা রিডার ডেস্ক

দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে শীত আগমনের পূর্বাভাস স্পষ্ট হয়ে উঠছে। টানা দুই দিন ধরে সেখানে পড়ছে ঘন কুয়াশা, যা রাতে প্রায় বৃষ্টির মতো ঝরছে। ভোর হতেই চারদিক ঢেকে যাচ্ছে সাদা কুয়াশার চাদরে, আর সময় যত গড়াচ্ছে, কুয়াশার ঘনত্বও তত বাড়ছে—প্রকৃতি যেন জানিয়ে দিচ্ছে, দুয়ারে কড়া নাড়ছে শীত।

শনিবার (১১ অক্টোবর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন এই তাপমাত্রা ছিল ২৩.৯ ডিগ্রি।

ঘন কুয়াশায় জেলার গ্রামীণ জনপদ থেকে শহরের রাস্তাঘাট পর্যন্ত সব কিছু আচ্ছন্ন হয়ে পড়ছে। দৃশ্যমানতা এতই কমে গেছে যে, কয়েক হাত দূরের কিছু দেখা যাচ্ছে না, ফলে যানবাহন চালাতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে।

পঞ্চগড় সদর উপজেলার গলেহাহাটের বাসিন্দা মশিউর রহমান বলেন, “সকালে ঘুম থেকে উঠে দেখি চারপাশে যেন সাদা কুয়াশার দেয়াল। কুয়াশা ঠিক যেন বৃষ্টির মতো ঝরছে, কিছুই দেখা যাচ্ছিল না।”

চাকলাহাট এলাকার অটোচালক জমির উদ্দীন জানান, “ভোরে রাস্তায় বের হয়েই দেখি ঘন কুয়াশায় রাস্তা ঢাকা। হেডলাইট জ্বালিয়ে খুব সতর্কভাবে চালাতে হয়েছে।”

টুনিরহাটের জাহাঙ্গীর আলম বলেন, “দুই দিন ধরেই কুয়াশা পড়ছে। শুক্রবার সকাল ৮টা পর্যন্তও কুয়াশা ছিল।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, “শনিবার সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ২৩.৯ ডিগ্রি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ৮ থেকে ১০ ডিগ্রির মধ্যে।”

তিনি আরও জানান, অক্টোবরের শেষ দিকে কুয়াশা আরও বাড়বে এবং উত্তরের হিমেল বাতাস বইতে শুরু করলে নভেম্বরের মধ্যেই শীতের প্রকৃত আমেজ পাওয়া যাবে।

শুরুর এই কুয়াশা ও শিশিরই জানান দিচ্ছে—বাংলার হিম শীতল দিনে পা রাখতে শুরু করেছে শীত।

বিজ্ঞাপন

Recommended For You