
বাংলা রিডার ডেস্ক
ফিফা প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে একচেটিয়া আধিপত্য দেখালেও, মাত্র এক গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে শনিবার ভোরে অনুষ্ঠিত ম্যাচে জিওভান্নি লো সেলসোর একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় আলবিসেলেস্তেরা।
ম্যাচজুড়ে আক্রমণের ধার বাড়িয়ে রেখেছিল লিওনেল স্কালোনির দল। ৭৭ শতাংশ বল দখলে রেখে তারা নিয়েছে ১৭টি শট, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। কিন্তু ভেনেজুয়েলার গোলরক্ষক হোসে কন্ত্রেরাসের অসাধারণ পারফরম্যান্সে বারবার হতাশ হতে হয় আর্জেন্টিনার ফরোয়ার্ডদের।
ম্যাচের ৩১তম মিনিটে আলভারেজ ও লাউতারোর সমন্বয়ে বক্সে বল পান লো সেলসো। বাঁ পায়ের নিচু শটে তিনি বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন। এর আগে এবং পরে একাধিক সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন লাউতারো, আলভারেজসহ দলের অন্যান্য খেলোয়াড়রা।
এই ম্যাচে লিওনেল মেসিকে বিশ্রামে রেখেছেন কোচ স্কালোনি, যার ইঙ্গিত আগেই দেওয়া হয়েছিল। তরুণ ফুটবলারদের নিয়ে দল গঠন করলেও তাদের সাফল্য মেলেনি গোলের ব্যবধানে। বিশেষ করে ভেনেজুয়েলা গোলরক্ষক কন্ত্রেরাস দ্বিতীয়ার্ধে একের পর এক নিশ্চিত গোলের সুযোগ ঠেকিয়ে দেন।
প্রথমার্ধে লাউতারোর দুটি দারুণ প্রচেষ্টা এবং দ্বিতীয়ার্ধে নিকো পাজ ও আলভারেজের শট তার হাতেই আটকে যায়। ৬১ মিনিটে পাওয়া ফ্রি-কিকেও গোলের দেখা মেলেনি। পরে বদলি নামেন রদ্রিগো ডি পল, ম্যাক অ্যালিস্টার ও বালের্দি।
ম্যাচের শেষ পর্যন্ত আক্রমণ চালিয়ে গেলেও ব্যবধান আর বাড়াতে পারেনি আর্জেন্টিনা। গ্যালারিতে বসে সতীর্থদের গোল মিসের দৃশ্য দেখেছেন মেসি নিজেই। অন্যদিকে, ভেনেজুয়েলা পুরো ম্যাচে একটিও অন-টার্গেট শট নিতে পারেনি এবং বল দখলের লড়াইয়েও ছিল বেশ পিছিয়ে।
এই জয়ের মাধ্যমে আত্মবিশ্বাস ধরে রাখল স্কালোনির দল। আগামী ১৪ সেপ্টেম্বর আবারও মায়ামিতে মাঠে নামবে আর্জেন্টিনা, এবার প্রতিপক্ষ পুয়ের্তো রিকো।



