অনলাইনে ইলিশ বিক্রি এখন শুধু নিবন্ধিত প্রতিষ্ঠানেই সীমাবদ্ধ

বাংলা রিডার ডেস্ক:
চাঁদপুরের ‘ইলিশ’ ব্র্যান্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা প্রতারণা ঠেকাতে বড় পদক্ষেপ নিয়েছে চাঁদপুর জেলা প্রশাসন। এখন থেকে শুধুমাত্র জেলা প্রশাসনের অনুমোদিত ও নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোই অনলাইনে ইলিশ বিক্রি করতে পারবে।

চাঁদপুরের নাম ব্যবহার করে ভুয়া অনলাইন ব্যবসায়ীরা দেশের বিভিন্ন প্রান্তে ইলিশ বিক্রির নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। এর প্রেক্ষিতে অনলাইন ইলিশ বিক্রেতাদের যাচাই-বাছাই করে একটি বৈধ তালিকা প্রণয়ন করে প্রশাসন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাতটি অনলাইন প্রতিষ্ঠানের হাতে নিবন্ধন সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন। তিনি বলেন, “চাঁদপুরের সুনামকে ব্যবহার করে যেন কেউ প্রতারণা না করতে পারে, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

প্রথম স্বীকৃতি পেয়েছে ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’ নামের একটি প্রতিষ্ঠান, যার উদ্যোক্তা মো. খোকন পাটওয়ারী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জেলা প্রশাসন জানায়, ভবিষ্যতে শুধুমাত্র নিবন্ধিত অনলাইন বিক্রেতাদের কাছ থেকেই ইলিশ কেনাই নিরাপদ হবে বলে বিবেচনা করা হবে। অনিবন্ধিত বিক্রেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়।

বিজ্ঞাপন

Recommended For You