চাঁদপুরে ৮ লাখের বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়ার প্রস্তুতি

বাংলা রিডার ডেস্ক
টাইফয়েড প্রতিরোধে চাঁদপুর জেলায় ৮ লাখেরও বেশি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যে শুরু হচ্ছে ব্যাপক টিকাদান কর্মসূচি। ইউনিসেফ বাংলাদেশের সহায়তায় এবং ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এই কার্যক্রম নিয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। আয়োজক ছিল জেলা তথ্য অফিস।

সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

তিনি বলেন, “এই টিকা সরকার বিদেশ থেকে কিনে এনেছে, এটি নিঃশুল্ক হলেও মূল্যবান। সঠিক তথ্য ছড়িয়ে গুজব প্রতিরোধে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, এবং সঞ্চালনায় ছিলেন জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা এবং সাধারণ সম্পাদক কাদের পলাশ। সভায় টাইফয়েড টিকা কার্যক্রম সম্পর্কে টেকনিক্যাল প্রেজেন্টেশন উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডা. মো. সাখাওয়াত হোসেন।

টিকাদান কর্মসূচির মূল তথ্য: টার্গেট শিশুর সংখ্যা: ৮,০৫,২৪৫ জন।

প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি: ৫,৪১,৮৪৪ জন, ৯ মাস থেকে ১৫ মাস বয়সী, শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত শিশু: ২,৬৩,৪০১ জন।

টিকা কার্যক্রমের সময়কাল: ১২ অক্টোবর – ১৩ নভেম্বর ২০২৫ (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত ১৮ কার্যদিবস)

প্রতিষ্ঠানের সংখ্যা: শিক্ষাপ্রতিষ্ঠান: ৩,৭৫৮টি, কমিউনিটি টিকা কেন্দ্র: ২,৪২৪টি।

টিকাদান দল: টিম: ৩১৩টি, টিকাদানকারী: ৬১৬ জন, স্বেচ্ছাসেবক: ৯১৯ জন, তদারককারী: ৩০৩ জন

সভায় জানানো হয়, ইতোমধ্যে ৪১% শিশুর অনলাইন নিবন্ধন সম্পন্ন হয়েছে।

মুক্ত আলোচনায় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা টিকাদান কর্মসূচি বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।

চাঁদপুর জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও তথ্য অফিস ইতোমধ্যেই বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে প্রস্তুতিমূলক সভা করেছে। কর্মকর্তারা আশাবাদী, এই কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে জেলার শিশুরা টাইফয়েড থেকে সুরক্ষা পাবে।

বিজ্ঞাপন

Recommended For You