
বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক—ইউনেস্কোর ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা।
মঙ্গলবার (৭ অক্টোবর) প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে জাপানের প্রার্থীকে পরাজিত করে এ বিজয় অর্জন করেন তিনি। বাংলাদেশের ইউনেস্কো সদস্যপদ লাভের ৫৩ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে নির্বাচিত হলেন।
এই ঐতিহাসিক অর্জন উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ জানান, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার এই সাফল্যে গভীর আনন্দ প্রকাশ করেছেন এবং নবনির্বাচিত সভাপতিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
এক বিবৃতিতে ড. আবরার বলেন, “ইউনেস্কোর মতো একটি আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশি প্রতিনিধির সভাপতিত্ব নিঃসন্দেহে একটি অসাধারণ অর্জন। এটি শুধু কূটনৈতিক সাফল্য নয়, বরং দেশের মর্যাদা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার পরিচায়ক।”
তিনি আরও বলেন, ১৯৫টি সদস্য দেশের মধ্যে সহযোগিতা, সংহতি ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে এই জয় বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বলভাবে উপস্থাপন করবে। এ অর্জন ভবিষ্যতের জন্য নতুন সুযোগ ও সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।



