গাজার পথে নতুন ত্রাণবাহী নৌবহর, এগিয়ে চলছে ফ্লোটিলা

বাংলা রিডার ডেস্ক
ফিলিস্তিনের জন্য খাদ্য ও ত্রাণ নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছে ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ (এফএফসি)-এর নতুন নৌবহর। মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বহরটি বর্তমানে গাজার উপকূল থেকে ৩০০ কিলোমিটার (প্রায় ১৫০ নটিক্যাল মাইল) দূরে অবস্থান করছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, নৌবহরটি সেই সাগরাঞ্চলের কাছেই রয়েছে, যেখান থেকে আগের ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের নৌযানগুলো আটক করেছিল ইসরায়েলি নৌবাহিনী।

এফএফসি-র অন্তর্ভুক্ত সংগঠন ‘ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ অন গাজা’ এক্সে জানায়, “আমরা গাজার পথে এগিয়ে যাচ্ছি।”

গত আগস্টে শুরু হওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনে অংশ নিয়েছিলেন ৪৪টি দেশের ৫০০ নাগরিক, যাঁদের মধ্যে ছিলেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ এবং নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা। তবে স্পেন থেকে যাত্রা শুরু করার পর গাজার উপকূলের কাছাকাছি গিয়ে ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক হয় ৪৩টি ত্রাণবাহী নৌযান।

ইসরায়েল বেশ কয়েকজন অভিযাত্রীকে আটক রাখলেও বাকিদের ফিরিয়ে দিচ্ছে। এরই মধ্যে গ্রেটা থুনবার্গসহ শতাধিক মানুষ গ্রিসে ফেরত গেছেন।

ইসরায়েলের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ বছর ধরে ইসরায়েল গাজার উপকূলে নৌ অবরোধ বজায় রেখেছে। ফলে আন্তর্জাতিক কোনো নৌযান সেখানে নোঙর করতে পারেনি। নতুন ফ্লোটিলা যদি গাজা উপকূলে পৌঁছায়, তবে তা হবে প্রায় দুই দশকে প্রথম কোনো আন্তর্জাতিক ত্রাণবাহী বহরের গাজা উপকূলে পৌঁছানোর ঘটনা।

সূত্র: আনাদোলু এজেন্সি

বিজ্ঞাপন

Recommended For You