ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের পর নির্বাচনে অংশগ্রহণ ও সরকারি পদে নিষেধাজ্ঞা

বাংলা রিডার ডেস্ক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন তৃতীয়বারের মতো সংশোধন করেছে সরকার। নতুন সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হলে তিনি জাতীয় সংসদ কিংবা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না এবং কোনো সরকারি পদেও নিযুক্ত হতে পারবেন না।

সোমবার (৬ অক্টোবর) রাতে এ বিষয়ে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (তৃতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়েছে। সংশোধিত আইনে নতুন একটি ধারা ২০সি যুক্ত হয়েছে, যেখানে অভিযুক্ত ব্যক্তির জন্য চারটি ক্ষেত্রে অযোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

নতুন ধারায় বলা হয়েছে, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর সংশ্লিষ্ট ব্যক্তি—সংসদ সদস্য নির্বাচিত হওয়া বা সংসদে থাকা,

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সদস্য, চেয়ারম্যান, মেয়র, প্রশাসক বা কমিশনার হিসেবে নির্বাচিত বা নিযুক্ত হওয়া, প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া, এবং সরকারি কোনো পদে অধিষ্ঠিত থাকা— এই চার ক্ষেত্রেই অযোগ্য বিবেচিত হবেন।

তবে যদি ট্রাইব্যুনাল কোনো অভিযুক্তকে খালাস বা অব্যাহতি প্রদান করে, তাহলে তার ওপর এই অযোগ্যতা আর প্রযোজ্য হবে না।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এই সংশোধনের উদ্দেশ্য হলো—আন্তর্জাতিক অপরাধে অভিযুক্ত কেউ যেন বিচারাধীন অবস্থায় রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন না হতে পারেন। পাশাপাশি ভবিষ্যতে বিতর্কিত ব্যক্তিদের রাষ্ট্রীয় পদে আসার সুযোগ রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You