
বাংলা রিডার ডেস্ক
ইসরায়েল গাজাগামী সুমুদ ফ্লোটিলা থেকে আটক করা ১৩৭ আন্তর্জাতিক অধিকারকর্মীকে তুরস্কে ফেরত পাঠিয়েছে। শনিবার (৪ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
গত সপ্তাহে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করা ফ্লোটিলা থেকে প্রায় ৫০০ অধিকারকর্মীকে আটক করে ইসরায়েলি নৌবাহিনীর কমান্ডোরা। তারা ৪৫টি ছোট-বড় জাহাজে করে গাজার উদ্দেশে রওনা দিয়েছিলেন, লক্ষ্য ছিল ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভেঙে সেখানে মানবিক সাহায্য পৌঁছে দেওয়া এবং গাজার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, তুরস্কে ফেরত পাঠানো ১৩৭ জনের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিশিয়া ও তুরস্কের নাগরিক রয়েছেন।
একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, তুরস্কের এক বিমানবন্দরে একটি উড়োজাহাজ দাঁড়িয়ে আছে এবং তাতে ওই অধিকারকর্মীরা অবস্থান করছেন। তুর্কি কর্তৃপক্ষ তাদের স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে। ধারণা করা হচ্ছে, এখান থেকে তারা নিজ নিজ দেশে ফিরে যাবেন।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সকে জানায়, ফেরত আসা ১৩৭ জনের মধ্যে ৩৬ জন তুরস্কের নাগরিক। এর আগের দিন আরও চারজনকে ইসরায়েল ফেরত পাঠিয়েছিল।
ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, অধিকারকর্মীরা সামান্য ত্রাণ নিয়ে এসেছিলেন, তবে সেগুলো ইসরায়েলের মাধ্যমে গাজায় পাঠাতে রাজি হননি। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, তারা মূলত “উস্কানিমূলক” উদ্দেশ্যে এসেছিলেন। তবে আটককৃত সব অধিকারকর্মীকে ধাপে ধাপে নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
সূত্র: আলজাজিরা, রয়টার্স


