
বাংলা রিডার ডেস্ক
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক সাড়া দিলেও, তার আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজায় নতুন করে বিমান হামলা চালিয়েছে।
শনিবার (৪ অক্টোবর) মধ্যরাতে গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসিল বার্তা সংস্থা এএফপিকে জানান, “গত রাতটি ছিল অত্যন্ত সহিংস। গাজা সিটি ও আশপাশের এলাকায় ইসরায়েলি বাহিনী একাধিক বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প হামলা বন্ধের আহ্বান জানিয়েছিলেন।”
তিনি আরও জানান, হামলায় অন্তত ২০টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।
হামাস যুদ্ধবিরতির প্রস্তাব শর্তসাপেক্ষে গ্রহণ করার পর গাজার অনেকে ঘরে ফিরতে শুরু করেছিল। কিন্তু এরপর ইসরায়েলি সেনাবাহিনী সতর্কবার্তা দিয়ে জানায়, গাজা সিটি একটি ‘চরম ঝুঁকিপূর্ণ যুদ্ধক্ষেত্র’, এবং সেখানে ফিরে গেলে প্রাণহানির আশঙ্কা রয়েছে।
ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, “আমাদের সেনারা এখনো গাজা সিটিতে সক্রিয় রয়েছে। এ মুহূর্তে সেখানে ফেরা অত্যন্ত বিপজ্জনক। জনগণের নিরাপত্তার স্বার্থে, গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলসহ সেনা অভিযান চলমান এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।”
এদিকে ট্রাম্পের উদ্যোগে হামাস যুদ্ধবিরতিতে সম্মত হলেও, এই বিরতি কতটা স্থায়ী হবে তা এখনো অনিশ্চিত। কারণ প্রস্তাবে ইসরায়েলি বাহিনীকে গাজা থেকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়ার কথা বলা হয়নি, বরং হামাসকে অস্ত্র জমা দেওয়ার শর্ত দেওয়া হয়েছে—যা তারা সহজে মেনে নেবে না বলেই ধারণা করা হচ্ছে।
সূত্র: এএফপি


